ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা, ফুটবল

গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। আজারবাইজানের বাকুতে প্লেট পর্বের ই-স্তরের সেমিফাইনালে আফ্রিকার দেশ গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটি করেছেন নাঈমুর রহমান রাতুল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম দশ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না আকবর হোসেন রিদনের শিষ্যরা। পাল্টা আক্রমণে গ্যাবনও চেষ্টা চালায়। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় তাদের প্রচেষ্টা সফল হয়নি।

 

অবশেষে ম্যাচের ১৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে নেওয়া জোরালো শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে দারুণ এক হেডে বল জালে পাঠান নাঈমুর রহমান রাতুল। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

 

১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বাংলাদেশের কিশোররা। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে গোলরক্ষককে সামনে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি বাংলাদেশের এক ফুটবলার। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দল।

 

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। বলের নিয়ন্ত্রণ রেখে একাধিক সুযোগ তৈরির চেষ্টা করেন ফুটবলাররা। ৩৩তম মিনিটে আরও একটি ভালো সুযোগ এলেও সেটিকে গোলে পরিণত করা সম্ভব হয়নি। তবে রক্ষণভাগের সতর্কতায় শেষ পর্যন্ত রাতুলের গোলটিই জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠে।

এর আগে প্লেট পর্বের নকআউট লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। শেষ ৩২-এর ম্যাচে সিশেলসকে নির্ধারিত সময়ে ১-১ গোলে আটকে রেখে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারায়। এরপর শেষ ষোলোতে সিঙ্গাপুরের বিপক্ষেও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

 

কোয়ার্টার ফাইনালে আরও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় লাল-সবুজের দল। ইউরোপের দেশ মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা। এবার গ্যাবনকে হারিয়ে পৌঁছে গেল ফাইনালে।

 

অবশ্য টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি পরাজয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে দলটি। প্রথম ম্যাচে ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ। এরপর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র এবং বুরুন্ডির কাছে ২-০ গোলে পরাজিত হয়। গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

গ্রুপ পর্বের সেই হতাশা কাটিয়ে নকআউট পর্বে টানা জয়ে এখন শিরোপার লড়াইয়ে বাংলাদেশ। আগামী ৩০ অক্টোবর ই-স্তরের ফাইনালে জয় পেলে নিজেদের স্তরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে দলটি।

 

তবে এই প্রতিযোগিতার ই-স্তরের শিরোপা ও মূল বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা এক নয়। ফিফার বিশেষ এই আয়োজনের মূল চ্যাম্পিয়ন নির্ধারিত হবে সর্বোচ্চ স্তর, অর্থাৎ টায়ার ‘এ’-এর ফাইনাল থেকে।

 

তবু আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কিশোরদের এমন ধারাবাহিক সাফল্য দেশের ফুটবলের জন্য ইতিবাচক বার্তা। এবার ফাইনালের শেষ বাধা পেরিয়ে শিরোপা উঁচিয়ে ধরাই রাতুলদের লক্ষ্য।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন