বাংলাদেশ, সারা বাংলা
চট্টগ্রামের সদরঘাটের ঘটনা
৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসা থেকে মায়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের সাবেক এক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নূর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি মাঝিরঘাট রোডের নূর মোহাম্মদ মাস্টার লেনে ছোট ছেলের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন নূর নাহার। মৃত্যুর মাত্র ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে মারা যান তার এক ছেলে। অন্য ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিন সকাল ৭টার দিকে কর্মস্থলে গিয়ে সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি। ফলে দিনের বেশিরভাগ সময় বাসায় একাই থাকতেন নূর নাহার। বুধবার (২৮ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার আগে মায়ের সঙ্গে কথা হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন তার ছেলে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পেয়ে ভাড়াটিয়ারা ভেতরে ঢোকেন। এ সময় শয়নকক্ষের বিছানায় নূর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
ওসি আরও জানান, পরিবারের তথ্যমতে তিনি ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এসভিএন