ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

আর্মেনিয়ায় পার্লামেন্টের ভিতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে

আর্মেনিয়ায় পার্লামেন্টের ভিতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে

আন্তর্জাতিক

আর্মেনিয়ায় পার্লামেন্টের ভিতরেই তুমুল মারামারি সংসদ সদস্যদের মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

আর্মেনিয়ার পার্লামেন্টে সাধারণ এক বিতর্ক হঠাৎ করেই রূপ নিয়েছে রণক্ষেত্রে। গত বুধবার (২৮ অক্টোবর) আইনপ্রণেতাদের মধ্যে ঘুসি ও লাথির এই নজিরবিহীন ঘটনার একটি ভিডিও সরাসরি সম্প্রচারিত হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পার্লামেন্ট কক্ষ ছাড়িয়ে এই সংঘর্ষ গড়ায় করিডর পর্যন্ত।

সংবাদ সংস্থা আর্মেনপ্রেসের তথ্যমতে, অডিট চেম্বারের একজন সদস্য নির্বাচন নিয়ে আলোচনার সময় এই বিতর্কের সূত্রপাত হয়। ক্ষমতাসীন দলের সংসদ সদস্য তারোন চাকোয়ান বিরোধীদলীয় নেতা নারেক কারাপেতিয়ানের এক আত্মীয়ের পুরোনো একটি মন্তব্য সামনে আনেন। নির্বাচনের আগে ওই আত্মীয় বলেছিলেন, ক্ষমতায় গেলে নারীদের সন্তুষ্ট করতে আলাদা একটি ‘মন্ত্রণালয়’ প্রতিষ্ঠা করা হবে। চাকোয়ান পার্লামেন্টে দাঁড়িয়ে কারাপেতিয়ানকে স্মরণ করিয়ে দেন যে, তার চাচাতো ভাই এখনো ওই আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাননি।


এই মন্তব্যের পর নিজের আসন থেকেই জবাব দিতে শুরু করেন কারাপেতিয়ান। একপর্যায়ে তিনি বক্তৃতামঞ্চের দিকে তেড়ে গেলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ এবং হাতাহাতি। একে অপরকে লাথি ও ঘুসি মারতে শুরু করেন তারা, যা পরে করিডরেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মী ও অন্য সংসদ সদস্যদের হস্তক্ষেপ করতে হয়।


ঘটনার পর পার্লামেন্টের স্পিকার রুবেন রুবিনিয়ান এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিরোধী নেতা কারাপেতিয়ানকে দায়ী করেন। বিরতির সময় ভিডিও ফুটেজ দেখে স্পিকার জানান, চাকোয়ানের বক্তব্যে আপত্তিকর কিছু ছিল না। কারাপেতিয়ানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি, আসন থেকে আপত্তিকর মন্তব্য করেছেন এবং পরে উঠে তারোন চাকোয়ানকে আঘাত করার চেষ্টা করেছেন।’ স্পিকার আরও জানান, সংঘর্ষের সময় বিরোধী দলের সংসদ সদস্য গার্নিক দাভতিয়ান চাকোয়ানকে আঘাত করেছিলেন। দেশের জনগণের এই ঘটনা দেখা উচিত বিবেচনা করেই সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়নি বলে জানান স্পিকার।


এদিকে মারামারির জেরে পার্লামেন্ট ভবনে চিকিৎসক ডাকতে অ্যাম্বুলেন্স আসে। জানা যায়, সংঘর্ষে বিরোধী দলের সংসদ সদস্য আন্দ্রানিক গেভরগিয়ানের নাক ফেটে রক্ত ঝরতে দেখা যায় এবং রুবেন মখিতারিয়ান নামের আরেক সংসদ সদস্যের পরনের পোশাক ছিঁড়ে যায়। তবে এ ঘটনায় আর কেউ গুরুতর আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

 

সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন