ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে ছাত্রদল নেতা চালাতেন ইয়াবার ব্যবসা, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহে ছাত্রদল নেতা চালাতেন ইয়াবার ব্যবসা, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫

বাংলাদেশ, সারা বাংলা

ময়মনসিংহে ছাত্রদল নেতা চালাতেন ইয়াবার ব্যবসা, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ময়মনসিংহ নগরীতে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১টার দিকে নগরীর সেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ত্রিশাল উপজেলার শফিকুলের ছেলে শাকির হোসেন (২৫), নগরীর মধ্য বাড়েরা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে জাকিরুল ইসলাম (৩২), ঘাগড়া ইউনিয়নের আব্দুল সাত্তারের ছেলে সজীব মিয়া (২০), একই এলাকার রুহুল আমিনের ছেলে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩০) এবং নগরীর সারদা ঘোষ রোড এলাকার সুধীর চন্দ্র সিংয়ের ছেলে উৎসব সিং সাগর (২৮)।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সেওড়া মুন্সিবাড়ি এলাকায় উজ্জল মিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন। পরে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়।


পরে সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিপন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।


এদিকে দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন জানান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন