ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরতে আর কোনো বাধা রইলো না চাকরিচ্যুত শরীফের

সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরতে আর কোনো বাধা রইলো না চাকরিচ্যুত শরীফের

বাংলাদেশ, জাতীয়

সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরতে আর কোনো বাধা রইলো না চাকরিচ্যুত শরীফের

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালকের পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিন সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ তার পদ ফিরে পাচ্ছেন। তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করেছিল দুদক।

সম্প্রতি দুদক সেই আবেদনটি প্রত্যাহারের আর্জি জানালে আপিল বিভাগের চেম্বার আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। ফলে শরীফ উদ্দিনের চাকরিতে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবী।


২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে দুদকের পটুয়াখালী কার্যালয় থেকে অপসারণ করা হয়। এর আগে তিনি চট্টগ্রামের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে দুর্নীতির তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন তিনি। সেই সময় তিনি প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডিও করেছিলেন। তার এই চাকরিচ্যুতির ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীরা মানববন্ধনও করেন।


শরীফকে চাকরিচ্যুত করার আদেশে বলা হয়েছিল, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।’ তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এই অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ রিট করেন শরীফ।


শরীফের রিটের পর আইনি লড়াই বেশ কিছু ধাপ পার হয়। দুদকের ৫৪(২) বিধির বৈধতা নিয়ে আপিল বিভাগে আরেকটি মামলার শুনানি চলায় শরীফের রিটের শুনানি কিছুদিন মুলতবি ছিল। পরে আপিল বিভাগ ৫৪(২) বিধিটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রয়োগের নির্দেশ দিয়ে ১২ দফার একটি গাইডলাইন প্রকাশ করে। এরপর শরীফের রিটটির ওপর হাইকোর্টে শুনানি হয়। গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন যে, শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশটি বেআইনি এবং শুরু থেকেই বাতিল। রায়ে তাকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ ৩০ দিনের মধ্যে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।


হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করেছিল দুদক। শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন জানান, দুদক তাদের আবেদন প্রত্যাহার করে নেওয়ায় গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত তা খারিজ করে দিয়েছেন। এর ফলে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রইল এবং শরীফ উদ্দিনের জ্যেষ্ঠতা ও সব বকেয়া সুবিধাসহ চাকরিতে ফিরতে আর কোনো বাধা থাকল না।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন