খেলাধুলা, ফুটবল
১৫ মিনিটে হ্যাটট্রিক করে হাজার গোলের আরও নিকটে রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়া এখন যেন কেবলই সময়ের ব্যাপার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি প্রো লিগের ম্যাচে আল খুলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ মহাতারকা। তার এই পারফরম্যান্সে আল নাসর পেয়েছে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়। আর রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা পৌঁছেছে ৯৮৫-তে, অর্থাৎ হাজার গোল থেকে তিনি এখন মাত্র ১৫ গোল দূরে।
প্রথমার্ধ শেষে ম্যাচে ২-২ গোলে সমতা ছিল। এরপরই জ্বলে ওঠেন রোনালদো। ৬৬, ৭২ ও ৮১ মিনিটে টানা তিন গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদো লেখেন, ‘দারুণ জয়, দলের পারফরম্যান্সও দারুণ। হ্যাটট্রিক দিয়ে দলকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত!’
ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে আরও ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছেন রোনালদো। বর্তমানে তার গোল সংখ্যা দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির (৯৩৬) চেয়ে ৪৯টি বেশি। আল নাসর ও পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ায় এই মৌসুমে তার গোল সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।
ম্যাচের শুরুতে ১৬ মিনিটে ফরাসি ফরোয়ার্ড জুলিয়েন ডমিঙ্গেসের গোলে এগিয়ে গিয়েছিল আল খুলুদ। পরে আল নাসরকে সমতায় ফেরান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এরপর সাদিও মানে গোল করে আল নাসরকে এগিয়ে দিলেও প্রথমার্ধের যোগ করা সময়ে গোল শোধ করে দেন অ্যান্টোনিও এসোম্বা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন রোনালদো। দুটি কাছ থেকে নেওয়া শট এবং একটি হেডে গোল আদায় করে নেন তিনি।
এই ম্যাচে আল নাসরের হয়ে খেলা পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স একাই চারটি অ্যাসিস্ট করেছেন। রোমাঞ্চকর এই জয়ের পর ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে আল নাসর।
২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর এটি আল নাসরের হয়ে রোনালদোর সপ্তম হ্যাটট্রিক। সব মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার হ্যাটট্রিক সংখ্যা এখন ৬৭টি। এর মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে ৩টি করে হ্যাটট্রিক করেছেন তিনি।
সূত্র: ইএসপিএন
ডিবিসি/এসভিএন