ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

বসনিয়ায় প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

বসনিয়ায় প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক

বসনিয়ায় প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়ন বাহিনীর (ইউফোর) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ইতালির নাগরিক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রুটিন প্রশিক্ষণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ইউফোর জানিয়েছে, সিএইচ-৪৭ চিনুক মডেলের ওই হেলিকপ্টারটি বসনিয়ার রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে ব্রচকো অঞ্চলে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। আহতরা সবাই চিকিৎসা নিচ্ছেন এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।


ইতালির সরকার এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ওই সামরিক হেলিকপ্টারে থাকা সবাই তাদের দেশের নাগরিক ছিলেন। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত চারজনের মধ্যে দুজন সেনা সদস্য এবং বাকি দুজন রেডক্রসের স্বেচ্ছাসেবক।


এই ঘটনায় শোক প্রকাশ করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে আমি প্রথমেই আমাদের নিহতদের পরিবারের কথা স্মরণ করছি। আমার ব্যক্তিগত এবং সমগ্র প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’


বসনিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সমতল একটি মাঠে বিধ্বস্ত হেলিকপ্টারটি উল্টে পড়ে আছে। ব্রচকো হাসপাতালের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন এবং শুরুতেই তিনজনের মৃত্যু হয়। তিনি বলেন, ‘বারো জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। দুর্ভাগ্যবশত, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চতুর্থ ব্যক্তি মারা যান।’


দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এ নিয়ে ইউফোর এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইউফোর এই ঘটনার পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। তথ্য যাচাইয়ের পর উপযুক্ত সময়ে আরও বিস্তারিত জানানো হবে।’


১৯৯৫ সালে তিন বছর স্থায়ী বসনিয়া যুদ্ধের অবসানের পর দেশটিতে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি বাস্তবায়নের তদারকি করতে শুরুতে ন্যাটো শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হলেও ২০০৪ সালে তাদের স্থলাভিষিক্ত হয় ইউফোর। বর্তমানে সেখানে এক থেকে দেড় হাজার ইউফোর সদস্য দায়িত্ব পালন করছেন।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন