খেলাধুলা, ফুটবল
জানুয়ারিতেই মেসির দলবদল, ফিরছেন শৈশবের ক্লাবে

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে তবে কি নিজের শৈশবের ক্লাবে ফিরছেন লিওনেল মেসি? আর্জেন্টাইন মহাতারকাকে দলে ফেরাতে জোর চেষ্টা চালাচ্ছে তার জন্মশহর রোসারিওর ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ। এমনকি আগামী জানুয়ারিতেই মেসিকে ফেরানোর স্বপ্ন দেখছে ক্লাবটি। যদিও তার বর্তমান চুক্তির মেয়াদ বিবেচনায় সম্ভাব্য এই দলবদল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আর্জেন্টিনার স্থানীয় সাংবাদিক গনসালো কালভিজিওনির বরাতে এমন খবর প্রকাশিত হয়েছে। তার দাবি, নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার এতটা কাছাকাছি আগে কখনো ছিলেন না মেসি। ক্লাবটি আশা করছে, ২০২৭ সালের জানুয়ারিতেই আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারকে দলে ভেড়ানো সম্ভব হবে। খবর- গোল ডটকম।
রোসারিওর ক্লাবটিতে খেলেই ফুটবলের হাতেখড়ি মেসির। ছোটবেলার সেই ক্লাব ছেড়ে ২০০০ সালের গ্রীষ্মে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। এরপর আর কখনো নিউয়েলস ওল্ড বয়েজের মূল দলের হয়ে খেলা হয়নি তার। এবার সেই শৈশবের ঠিকানায় ফেরার সম্ভাবনা তৈরি হওয়ায় আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ বাড়ছে।
তবে মেসির দলবদলের পথে বড় বাধা তার বর্তমান চুক্তি। ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির দলবদল প্রসঙ্গে আর্জেন্টাইন সাংবাদিক বলেন, মেসি এখন নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছেন। ক্লাবটির আশা, ২০২৭ সালের জানুয়ারিতেই তাকে ফেরানো সম্ভব হবে। যদিও মেসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০০০ সালের গ্রীষ্মে শৈশবের শহর আর্জেন্টিনার রোসারিও ছেড়ে স্পেনের ক্লাব বার্সেলোনায় যোগ দেন লিওনেল মেসি। এর আগে তিনি খেলেছেন নিউয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে। তবে ক্লাবটির মূল দলের হয়ে কখনো মাঠে নামা হয়নি আর্জেন্টাইন এই তারকার।
ডিবিসি/ এইচএপি