আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
গাড়ি পার্কিং নিয়ে বিরোধে একই পরিবারের তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় নতুন একটি ভিডিও সামনে এসেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ্যে আসা ওই ভিডিওতে অভিযুক্তকে প্রায় ২২ সেকেন্ডে পাঁচটি গুলি ছুড়তে দেখা যায় বলে জানিয়েছে এনডিটিভি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত সোমবার, ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সাদাতগঞ্জ এলাকায় একটি খালি জায়গায় গাড়ি রাখা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ৩০ বছর বয়সী শুক্লা গুলি চালান বলে অভিযোগ।
এতে শিবাজি তিওয়ারি (৬২), শিবেন্দ্র তিওয়ারি (৫৫) ও সুয়শ তিওয়ারি (৩০) নিহত হন। তাদের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে নেওয়া হলে সেখানে মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে শুক্লাকে প্রথমে দুটি গুলি ছুড়তে দেখা যায়। এরপর পিস্তলে আবার গুলি ভরে আরও তিনবার গুলি চালান তিনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে ইট দিয়ে মেরেছে, তাই আমি গুলি চালিয়েছি।’
পুলিশ ঘটনাস্থলেই শুক্লাকে আটক করে এবং পরে গ্রেপ্তার দেখায়। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত বলে সন্দেহ করা পিস্তল ও চারটি খালি কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তিনি মার্চেন্ট নেভিতে নেভিগেশন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন বলেও জানানো হয়।
শিবেন্দ্রর স্ত্রী রুচি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে আটজনের নাম উল্লেখ করে হত্যা ও দাঙ্গাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় মঙ্গলবার স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একটি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিহতদের একজন লখনউয়ে আরএসএসের জেলা পর্যায়ের পদধারী ছিলেন। বিজেপি ও আরএসএসের কয়েকজন নেতা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্বজনেরা।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল