আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
দুই ভাইয়ের হঠাৎ বিলাসী জীবন, মাটি খুঁড়ে মিলল ড্রামভর্তি টাকা!

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে দুই ভাইয়ের বাড়ির মাটি খুঁড়ে নগদ অর্থভর্তি তিনটি ড্রাম উদ্ধার করেছে পুলিশ। পাঁচশ রুপির নোটে ঠাসা এসব ড্রামে কোটি কোটি রুপি রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক গণনা শেষ না হওয়ায় মোট অর্থের পরিমাণ নিশ্চিত করা যায়নি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার প্রয়াগরাজ থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গঙ্গানগর এলাকার রামনগর গ্রামের বড়াইপুরে অভিযান চালানো হয়। সোরাঁও ও ফুলপুরের সহকারী পুলিশ কমিশনারদের নেতৃত্বে নবাবগঞ্জ ও সোরাঁও থানার যৌথ দল এতে অংশ নেয়।
বাড়িটির মালিক রাকেশ যাদব ও রাজেশ যাদব আগে পুনেতে চাকরি করতেন। ২০২০ সালে করোনা মহামারির সময় চাকরি ছেড়ে গ্রামে ফেরেন তারা। এরপর অল্প সময়ের মধ্যে জমি ও ট্রাক্টর কেনার পাশাপাশি তাদের ব্যয়বহুল জীবনযাপন গ্রামবাসীর নজরে আসে। সাধারণ পরিবারের দুই ভাইয়ের এমন আর্থিক পরিবর্তনের উৎস নিয়ে প্রশ্ন ওঠে।
সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে বিরোধের জেরে এক ব্যক্তি পুলিশকে জানান, ওই বাড়িতে বিপুল পরিমাণ কালোটাকা রয়েছে। সেই অভিযোগ ও নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ।
প্রথমে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। পরে একটি কক্ষের মেঝেতে মাটি খোঁড়াখুঁড়ির চিহ্ন দেখে শ্রমিক আনা হয়। খননের পর মোটা কালো প্লাস্টিকের একাধিক স্তরে মোড়ানো তিনটি ড্রাম পাওয়া যায়।
গঙ্গানগরের উপপুলিশ কমিশনার সোমন কুমার জানান, গণনার পরই উদ্ধার হওয়া অর্থের সঠিক পরিমাণ জানা যাবে। বাড়িটি সিলগালা করে পরিবারের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, দু্ই ভাই বারবার বক্তব্য বদলাচ্ছেন। অর্থের উৎস অনুসন্ধানে আয়কর বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে। তবে উদ্ধার হওয়া অর্থ অবৈধ কি না, তা এখনো নিশ্চিত হয়নি।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল