আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
পূজার ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একটি আবাসিক ভবনের ২৩ তলা থেকে পড়ে এক ব্যক্তি ও তার ১১ বছরের ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে মহাগুন মাইউডস সোসাইটিতে এ ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকালের পূজার জন্য বারান্দায় ফুল তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন রণদীপ পাত্র (৪০) ও তার ছেলে আরভ। আবাসনটি গৌতম বুদ্ধ নগর জেলার বিসরাখ থানা এলাকায় অবস্থিত। এ ঘটনায় আবাসনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানিয়েছে, ফুল তোলার সময় শিশুটি পা পিছলে বারান্দা থেকে ঝুলে পড়ে। তাকে বাঁচাতে এগিয়ে যান বাবা। এ সময় তিনিও ভারসাম্য হারান। পরে দুজনই নিচে পড়ে যান। তবে ঘটনার সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি পুলিশ রেসপন্স ভেহিকলের মাধ্যমে বিসরাখ থানায় খবর আসে, মহাগুন মাইউডস সোসাইটির ২৩ নম্বর টাওয়ার থেকে দুজন পড়ে গেছেন। ঘটনাস্থলে পৌঁছে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। কাছের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
রণদীপের স্ত্রী পুলিশকে জানান, শুক্রবার সকালে তার খাটু শ্যাম মন্দিরে যাওয়ার কথা ছিল। তিনি বের হওয়ার আগে স্বামী ও ছেলে পূজার ফুল সংগ্রহ করতে বারান্দায় গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমও চলছে।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল