সারা বাংলা
ফরিদপুরে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের নগরকান্দায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের সময় উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দার মাতুব্বর গ্রুপের ওবায়দুর মাতুব্বরের সমর্থকদের সঙ্গে শেখ গ্রুপের ইকবাল শেখের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে নামাজ পড়াকে কেন্দ্র করে সামান্য কথা-কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ জানান, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ডিবিসি/আরএসএল