আন্তর্জাতিক, আমেরিকা
যুক্তরাষ্ট্রে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে মাঝআকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিতে বিধ্বস্ত হয়।
ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে রয়েছেন টেক্সাসের ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো (২২) ও ওরেগনের পাইলট টাইলার স্টারডেভ্যান্ট (৩৮)। অপরজন যুক্তরাজ্যের একজন শিক্ষানবিশ পাইলট। তার নাম প্রকাশ করা হয়নি। আসবো ও ওই শিক্ষানবিশ একই হেলিকপ্টারে ছিলেন। অন্যটির একমাত্র আরোহী ছিলেন স্টারডেভ্যান্ট।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত রবিনসন আর-২২ হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। অন্যটি, এয়ারবাস এএস৩৫০, রক্ষণাবেক্ষণসংক্রান্ত ফ্লাইট পরিচালনা করছিল।
প্রত্যক্ষদর্শী লিও রদ্রিগেজ জানান, পরিবারের আঙুরবাগান থেকে বিকট শব্দ ও ধাতব অংশ ভাঙার আওয়াজ শুনে তিনি ওপরে তাকান। তখন হেলিকপ্টার দুটিকে সংঘর্ষের পর ঘুরতে ঘুরতে মাটিতে পড়তে দেখেন। পরে তিনি জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন।
ঘটনাস্থলের ছবিতে লাল রঙের একটি হেলিকপ্টারকে দুমড়েমুচড়ে পড়ে থাকতে এবং সবুজ রঙের অন্যটিকে উল্টে থাকতে দেখা যায়। দুর্ঘটনার কারণে কাছের ২৩৩ নম্বর মহাসড়কের এক মাইল অংশ বন্ধ করে দেওয়া হয়। সড়কটি কখন খুলবে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এনটিএসবির নেতৃত্বে দুর্ঘটনার তদন্ত চলছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও তদন্তে যুক্ত রয়েছে। বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছান।
একটি হেলিকপ্টারের পরিচালনাকারী প্রতিষ্ঠান জেরি ট্রিম্বল হেলিকপ্টার্স দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শোক জানিয়েছে। শেরিফের কার্যালয় সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ করেছে।
সূত্র: সিএনএন
ডিবিসি/এসএফএল