সারা বাংলা
অসময়ের তরমুজ চাষে বাজিমাত মিরসরাইয়ের মিয়া খানের

চট্টগ্রামের মিরসরাইয়ে অসময়ের তরমুজ চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষকরা। মাত্র ৬০ থেকে ৭০ দিনের আবাদে মিলছে ভালো ফলন। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতি বিঘা জমি থেকে প্রায় দুই লাখ টাকা লাভের আশা করছেন কৃষকরা। এতে স্থানীয় কৃষকদের মধ্যে বাড়ছে অসময়ের তরমুজ চাষের আগ্রহ।
উপজেলার খৈয়াছড়া গ্রামের কৃষক মুসলিম উদ্দিন মিয়া খান এক বিঘা জমিতে ৭০ থেকে ৮০ হাজার টাকা বিনিয়োগে মালচিং পদ্ধতিতে চার জাতের তরমুজ চাষ করেছেন। ইতোমধ্যে ক্ষেতের সব তরমুজ বাজারজাতের জন্য প্রস্তুত হয়েছে। বাজারদর ভালো থাকলে আড়াই লাখ টাকার বেশি লাভের প্রত্যাশা করছেন তিনি।
মুসলিম উদ্দিন জানান, উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে প্রথমবারের মতো অসময়ের তরমুজ চাষ শুরু করেন তিনি। কৃষি বিভাগের সহযোগিতা ও নিজের অর্থায়নে ১৮ শতক জমিতে লিওনা, সুগার কিং, সূর্যডিম ও বিগবাইট জাতের তরমুজ আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় আগামীতে চাষের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।
শুধু মুসলিম উদ্দিন নন, খৈয়াছড়া ইউনিয়নের সাতজন কৃষক এবার প্রায় ২০০ শতক জমিতে লিওনা, সুগার কিং, সূর্যডিম ও বিগবাইট জাতের তরমুজ চাষ করেছেন। মৌসুমের বাইরে উৎপাদিত হওয়ায় বাজারে এসব তরমুজের চাহিদাও ভালো। বর্তমানে জাতভেদে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকায়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা সরাসরি ক্ষেত থেকে তরমুজ কিনে নিচ্ছেন।
খৈয়াছড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, শুরুতে কৃষকদের অসময়ের তরমুজ চাষে আগ্রহ কম ছিল। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে তাঁদের উদ্বুদ্ধ করা হয়েছে। ভালো ফলন ও লাভের সম্ভাবনা দেখে এখন অন্য কৃষকরাও এ চাষে আগ্রহী হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, চট্টগ্রাম কৃষি অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এবার চারটি অসময়ের তরমুজ প্রদর্শনী দেওয়া হয়েছে। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এ চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ২০০ শতক জমিতে ২০ থেকে ২৫ মেট্রিক টন তরমুজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। মাত্র ৬০-৭০ দিনে ফসল ঘরে তুলে একই জমিতে অন্য ফসল চাষের সুযোগ থাকায় কৃষকদের কাছে লাভজনক হয়ে উঠছে অসময়ের তরমুজ আবাদ।
ডিবিসি/এসডব্লিউএন