আন্তর্জাতিক, ভারত
ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় পাইলটসহ ছয়জনকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জোশিমঠের কাছে চায়ী গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি। উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
উত্তরাখণ্ড বেসামরিক বিমান চলাচল উন্নয়ন কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স হেলিকপ্টারটি দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রিনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে রওনা দেয়। তুষারপাতের মধ্যে উড্ডয়নের পর জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থাতেও হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানান, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তিনি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। গুরুতর আহতদের দ্রুত আকাশপথে উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। তবে প্রতিবেদনে হতাহতের সংখ্যা বা আরোহীদের সর্বশেষ অবস্থা নিশ্চিত করা হয়নি।
হেলিকপ্টারে ছিলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচ এস নটরাজ এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু। ছয় আরোহীর সবাই পুরুষ। জোশিমঠের মহকুমা প্রশাসক চন্দ্রশেখর বশিষ্ঠ জানান, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত অ্যাভিয়েশনের পুরো হেলিকপ্টার বহরের উড্ডয়ন বন্ধ করা হয়েছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এনডিটিভির তথ্য অনুযায়ী, গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার-সংক্রান্ত দুর্ঘটনা ও জরুরি অবতরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি বড় প্রাণঘাতী দুর্ঘটনা। গত বছরের জুনে কেদারনাথ থেকে গুপ্তকাশীগামী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হন।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল