সারা বাংলা
ছাত্রনেতা শাকিল হত্যা মামলায় নাটোর-৪ আসনের এমপিপুত্র মিন্টু কারাগারে

নাটোরের গুরুদাসপুরে ছাত্রনেতা শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিন রিমান্ড শেষে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নাটোর জজ কোর্টের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই নির্দেশ দেন।
২৭ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোরের গোয়েন্দা শাখার পুলিশ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরের দিন নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার ২য় তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আদালত থেকে মঞ্জুর করা নির্ধারিত তিন দিন রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হয়। পরে আদালত মিন্টুকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে মিন্টুর আবারও রিমান্ড আবেদন করা হতে পারে।
ডিবিসি/এসডব্লিউএন