আন্তর্জাতিক, ভারত
ভারতের ঘটনা
বিবাহবিচ্ছেদে রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ভারতের বিহারে বিবাহবিচ্ছেদে রাজি না হওয়ায় দামিনী কুমারী নামের ২১ বছর বয়সী এক তরুণীকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সুপৌল জেলার একটি হাসপাতালে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত স্বামী সঞ্জীব সাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রায় দুই বছর আগে ইনস্টাগ্রামে সঞ্জীব ও দামিনীর পরিচয় হয়। কথাবার্তা থেকে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় নয় মাস আগে তারা বিয়ে করেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সঞ্জীব সংসার ভাঙতে চাইলেও দামিনী বিচ্ছেদে সম্মতি দেননি।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে দামিনীকে নিয়ে কোসি নদীর পূর্ব বাঁধের দিকে যান সঞ্জীব। পথে সীমান্ত সড়কের একটি দোকান থেকে বোতলে পেট্রল কিনে দামিনীর প্লাস্টিকের ব্যাগে রাখেন তিনি। এরপর তাকে নিয়ে বাইসি সড়কের দিকে এগিয়ে যান।
রাত প্রায় ১০টায় লালমনপট্টি এলাকায় একটি খালের পাশে থামেন সঞ্জীব। সেখানে দামিনীর গায়ে পেট্রল ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। আগুনে দগ্ধ অবস্থায় দামিনীকে ছুটতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সঞ্জীব অপরাধ স্বীকার করেছেন। তিনি তদন্তকারীদের জানিয়েছেন, মুজফফরপুরে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। দামিনী সংশ্লিষ্ট কাগজপত্রে সই করতে রাজি না হওয়ায় তাকে হত্যার সিদ্ধান্ত নেন।
ঘটনাস্থল থেকে পেট্রল বলে সন্দেহ করা দাহ্য পদার্থের আলামত পেয়েছে পুলিশ। সঞ্জীবের বাবা কিনু সাহকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আদালতে হাজির করা হয়েছে। তবে ঘটনায় তার ভূমিকা স্পষ্ট করা হয়নি। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পবন কুমার জানিয়েছেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত চলছে।
ডিবিসি/এসএফএল