সারা বাংলা
গোপালগঞ্জে কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগ আসায় তাকে বহিষ্কার করা হয়।
এর আগে তাকে গতকাল বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়া থানা-পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
যদিও শুক্রবার (৩০ অক্টোবর) সকালে দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। কলেজ ছাত্রদলের ওই সভাপতিকে বহিষ্কার ও তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা গভীর রাতে বিষয়টি জানতে পেরেছেন। ইতোমধ্যে ওই সভাপতিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
থানায় করা অভিযোগে কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, গত ২৭ অক্টোবর তিনি জানতে পারেন যে, ছাত্রদল সভাপতি সাহেদ তালুকদার ও তার সহযোগীরা কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, বারান্দার গ্রিল ও ৩টি ফ্যান জোরপূর্বক খুলে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে তিনি দ্রুত কলেজে পৌঁছে ঘটনার সত্যতা পান। কলেজের সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি আইনি ব্যবস্থা নেন। সে প্রেক্ষিতেই পুলিশ সাহেদকে আটক করে থানায় নিয়ে যায়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ূব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছিলাম। তার ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়। আজ শুক্রবার অভিযোগকারী তার করা অভিযোগ তুলে নিলে সাহেদ তালুকদারকে ছেড়ে দেওয়া হয়।
ডিবিসি/এসডব্লিউএন