আন্তর্জাতিক, আরব
যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করেছে ইরান!

মার্কিন নৌ অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে সামরিক সরঞ্জাম আমদানিতে পাঁচ হাজারের বেশি সংস্থার গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান। রয়টার্সের অনুসন্ধান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এই ব্যবস্থায় অন্তত ২০০ কোটি ডলারের সরঞ্জাম, বিস্ফোরক ও ভারী ট্রাক আমদানি হয়েছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নামের আদ্যক্ষর ‘এমওডি’ দিয়ে এসব সংস্থার নাম শুরু। তাদের নিবন্ধিত ঠিকানাও তেহরানে মন্ত্রণালয়ের ঠিকানার সঙ্গে মিলে যায়। অধিকাংশ সংস্থা ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও নথিতে প্রতিষ্ঠার তারিখ দেখানো হয়েছে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি।
হাজারো ব্যাংক ও সরকারি নথি, কোম্পানির নিবন্ধন এবং আমদানির তথ্য বিশ্লেষণ করে অনুসন্ধানটি চালিয়েছে রয়টার্স। এতে দেখা যায়, ‘এমওডি ৩৪৬৪২৮’ নামের একটি সংস্থাই ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিপুল পরিমাণ রকেটের জ্বালানি উপাদান, বিস্ফোরক, অস্ত্রাংশ ও ট্রাক আমদানি করেছে। যুদ্ধ চলাকালেও স্থল, সমুদ্র ও আকাশপথে সরবরাহ পৌঁছেছে।
পর্যালোচিত চালানের ৯৭ শতাংশের লেনদেন হয়েছে সরাসরি বৈদেশিক মুদ্রা স্থানান্তর ছাড়াই। প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে থাকা মধ্যস্থতাকারীরা তেল বিক্রির অর্থ ব্যবহার করে পণ্য কিনে ইরানে পাঠিয়েছেন।
আমদানির নথিতে বহু পণ্যের উৎস হিসেবে চীন, রাশিয়া ও জার্মানির নাম রয়েছে। তবে সব চালানের ঘোষিত উৎস ও বিষয়বস্তু স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। বিশেষজ্ঞদের মতে, অনেক উপকরণের সামরিক ও বেসামরিক-উভয় ব্যবহার রয়েছে।
ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। চীন জানিয়েছে, উল্লিখিত পরিস্থিতি সম্পর্কে তারা অবগত নয়। অন্যদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয় দাবি করেছে, নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনৈতিক জোগান বিচ্ছিন্ন করা হয়েছে।
সূত্র: রয়টার্স
ডিবিসি/এসএফএল