আন্তর্জাতিক
লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের হুমকি পুলিশের

যুক্তরাজ্যের লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে 'প্যালেস্টাইন অ্যাকশন' গ্রুপের সমর্থনে আয়োজিত একটি পূর্বনির্ধারিত বিক্ষোভে অংশ নিলে আয়োজক ও বিক্ষোভকারী- উভয়কেই গ্রেপ্তারের হুমকি দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
ব্রিটিশ সরকারের আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে অধিকারকর্মী সংগঠন 'ডিফেন্ড আওয়ার জুরিস'।
পুলিশের পক্ষে কমান্ডার অ্যাডাম স্লোনেকি এক সতর্কবার্তায় বলেন, ‘আমি বিষয়টি স্পষ্ট করতে চাই, শুধু প্ল্যাকার্ডধারীদেরই নয়, যে কাউকেই গ্রেপ্তার করা হতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘পুলিশ সদস্যদের কাছে যাদের এই কর্মসূচি আয়োজনে মূল ভূমিকা পালনকারী, অন্যদের নির্দেশনা প্রদানকারী বা কোনো ধরনের রসদ (লজিস্টিক) সহায়তা সরবরাহকারী বলে মনে হবে, তারা বড় ধরনের অপরাধে যুক্ত বলে গণ্য হবেন এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের এই কঠোর অবস্থান ও হুমকিকে ‘বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছে ডিফেন্ড আওয়ার জুরিস।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘সম্ভবত পুলিশের এই হুমকির আওতায় তারা বিক্ষোভ শান্ত রাখার চেষ্টাকারী কর্মী, গণমাধ্যম সমন্বয়ক এবং বিক্ষোভকারীদের নিরাপদ ও হাইড্রেটেড রাখতে পানি সরবরাহকারীদেরও অন্তর্ভুক্ত করবে।’ একই সঙ্গে সংগঠনটি উল্লেখ করে যে, এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের একটি বড় অংশই হবেন বয়োজ্যেষ্ঠ ও শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ।
উল্লেখ্য, আগামী ৪ ও ৫ নভেম্বর যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্যালেস্টাইন অ্যাকশনের দায়ের করা একটি আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। সেই শুনানির প্রাক্কালে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।
ডিবিসি/এসডব্লিউএন