ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

যুদ্ধক্ষেত্রে সাময়িক গণকবর খননের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী

যুদ্ধক্ষেত্রে সাময়িক গণকবর খননের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক, আমেরিকা

যুদ্ধক্ষেত্রে সাময়িক গণকবর খননের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

বড় পরিসরের যুদ্ধে নিহত সেনাদের মরদেহ দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব না হলে সাময়িকভাবে সমাহিত করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। নর্থ ক্যারোলাইনায় ‘অপারেশন ড্রাগন কভেন্যান্ট’-এর দ্বিতীয় ধাপে এ নিয়ে মহড়া হয়েছে। আর্মি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় মরদেহ সংরক্ষণ, পরিচয় শনাক্তের তথ্য সুরক্ষা এবং পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়কে গুরুত্ব দেওয়া হয়।

ইরাক ও আফগানিস্তানে দুই দশকের বেশি সময় আকাশপথে নিয়ন্ত্রণ থাকায় মার্কিন বাহিনী দ্রুত নিহতদের মরদেহ সরিয়ে নিতে পেরেছে। তবে ভবিষ্যতের বড় সংঘাতে একই সুবিধা পাওয়া যাবে না-এমন আশঙ্কা থেকেই এই প্রস্তুতি।


মহড়ায় প্রকৌশলী, প্রতিরোধমূলক চিকিৎসা দল, সামরিক ধর্মযাজক ও মরদেহ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা অংশ নেন। কঙ্কালের মডেল ও পানিভর্তি পাত্র দিয়ে তৈরি প্রতীকী মরদেহ ব্যবহার করে পরিখা খনন ও মাটিচাপা দেওয়ার অনুশীলন করা হয়। লক্ষ্য ছিল, পরবর্তী সময়ে উদ্ধারের উপযোগী অবস্থায় সেগুলো সংরক্ষণ করা।


সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ডি৬ বুলডোজার দিয়ে ২০টি মরদেহ রাখার উপযোগী একটি পরিখা খুঁড়তে গড়ে এক ঘণ্টা ১৫ মিনিট লেগেছে। প্রয়োজনীয় সরঞ্জামসহ একটি প্রকৌশল কোম্পানি একটানা কাজ করলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৪০০ মরদেহের জন্য পরিখা খনন ও ঢেকে দেওয়ার পরিকল্পনা করা সম্ভব।


মহড়ায় দেখা যায়, প্রচলিত নির্দেশনায় নির্ধারিত সারিগুলোর মধ্যকার সাত ফুট ব্যবধান বুলডোজার চলাচলের জন্য যথেষ্ট নয়। এসব অভিজ্ঞতার ভিত্তিতে নির্দেশনা সংশোধন করা হবে।


তীব্র লড়াইয়ের মধ্যে প্রত্যেকের জন্য আলাদা ধর্মীয় অনুষ্ঠান সম্ভব না হলে সমাহিত করার আগেই স্থানটিতে ধর্মীয় আচার পালনের বিষয়েও আলোচনা হয়। ২০২৭ সালের বসন্তে মহড়ার তৃতীয় ধাপে নিরাপত্তা, চিকিৎসাসেবা ও মরদেহ সংগ্রহকেন্দ্র যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


সূত্র: আর্মি টাইমস


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন