সারা বাংলা
সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির অজ্ঞাত লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ইদুলপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হুদা ভূঁইয়া মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মহাসড়কের ইদুলপুর এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাত লরি নুরুল হুদাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. নুরুল মোস্তফা জানান, তারা দুই ভাই একসঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে নুরুল হুদা আগেই বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে দীর্ঘ সময় ফোনে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর দেখে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) জিয়া উদ্দিন ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত গাড়িটি শনাক্তে পুলিশের কাজ চলছে।