সারা বাংলা
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ

নরসিংদী শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের চৌয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন চৌয়ালা এলাকার বিল্লাল হোসেন (৩৮) ও ইয়াসিন মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌয়ালা এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে বিল্লাল ও ইয়াসিন আহত হন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে আহতদের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় প্রতিপক্ষের গুলিতে দুইজন আহত হয়েছেন। আহত দুজনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে ১০ থেকে ১৫টি করে মামলা রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।