আন্তর্জাতিক
আমার জীবন এখানে দাফন হয়ে গেছে: হামলায় পরিবারের ১২ সদস্যকে হারিয়ে ইরানি যুবক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক ভবনে চালানো হামলায় পরিবারের ১২ সদস্যকে হারিয়েছেন হামেদ মির্জাঈ নামের এক ইরানি নাগরিক। নিহতদের মধ্যে ছিলেন তার ২৬ বছর বয়সী স্ত্রী মোহাদেসেহও। এই তরুণ দম্পতি একটি সন্তান নেওয়ার ও নতুন করে সংসার সাজানোর পরিকল্পনা করছিলেন।
ধ্বংসস্তূপের স্মৃতিচারণ করে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাকে তিনি বলেন, ‘বোমা হামলার পর সাত মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনও আমি সেই ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আমার প্রিয় মানুষগুলোকে খুঁজে ফিরছি।’
তিনি বলেন, ‘যে বাড়িটিতে আঘাত হানা হয়েছিল, সেটি তৈরি করেছিলেন আমার দাদা এবং বাবার চাচা। পরবর্তীতে তারা নিজেদের সন্তানদের মধ্যে বাড়ির অ্যাপার্টমেন্টগুলো ভাগ করে দেন। এক বছর আগে যখন আমি বিয়ে করি, তখন আমার স্ত্রীকে নিয়ে ওই ভবনেরই একটি অ্যাপার্টমেন্টে উঠি।’
‘আমরা তখন কেবলই সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম’, বলেন হামেদ মির্জাঈ, ‘আমরা তরুণ ছিলাম, পুরো জীবনটাই সামনে পড়ে ছিল। ঠিক তখনই সেই বোমা হামলা সবকিছু শেষ করে দিল।’
ডিবিসি/এসডব্লিউএন