জাতীয়
অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধিদল

দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে বাংলাদেশ সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি এই রাষ্ট্রীয় সফরে পৌঁছায়।
শনিবার (৩১ অক্টোবর) বিএনপি মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স পণ্য, আধুনিক উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা ও যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনৈতিক বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধিদলে অর্থমন্ত্রীর সঙ্গে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসাদ, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী।
সফরসূচি অনুযায়ী, বাংলাদেশ প্রতিনিধিদলটি দক্ষিণ কোরিয়া সরকারের শীর্ষপর্যায়ের মন্ত্রী এবং নীতি-নির্ধারক কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবে। বৈঠকে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে পারস্পরিক লাভজনক সম্পর্ক জোরদারের রূপরেখা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
ডিবিসি/এমএনকে