আন্তর্জাতিক, ভারত
চলন্ত বাসেই কন্যাসন্তানের জন্ম দিলেন ভারতীয় নারী, মা ও মেয়ে দুজনই সুস্থ

ভারতের একটি চলন্ত বাসে আকস্মিক প্রসববেদনা উঠলে সেথানেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এ ঘটনায় মা ও মেয়ে দুইজনই সুস্থ ও স্থিতিশীল আছেন।
গুয়াহাটি থেকে ডিব্রুগড়গামী একটি বাসে এই ঘটনা ঘটে। ওই নারী তার পরিবারের সাত সদস্যের সঙ্গে জাগীরোড থেকে ডিমৌয়ের দিকে যাচ্ছিলেন। যাত্রাপথেই হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়।
বাসচালক জানিয়েছেন, বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে তিনি গাড়িটি থামান এবং জানতে পারেন যে ওই নারী সন্তান প্রসব করতে যাচ্ছেন।
পরিস্থিতি বেগতিক দেখে বাসে থাকা অন্য যাত্রীরা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসেন। প্রসূতির গোপনীয়তা বজায় রাখার জন্য বাসের পুরুষ যাত্রীদের নিচে নেমে যেতে বলা হয়। এরপর বাসের ভেতরে কম্বল ও কাপড় দিয়ে একটি অস্থায়ী ঘেরাটোপ তৈরি করা হয়।
বাসের যাত্রী এবং কর্মীরা মিলে ওই নারীকে প্রসবের সময় সব ধরনের সহায়তা করেন। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের ভেতরেই শিশুটির জন্ম হয়।
পরবর্তীতে বাসের চালক ও অন্যরা জরুরি পরিষেবার সঙ্গে যোগাযোগ করলে একটি অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ ও স্থিতিশীল রয়েছেন বলে জানা গেছে।
ডিবিসি/এসডব্লিউএন