শিক্ষা
এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার শিক্ষার্থী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এছাড়া সারাদেশে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। ছাত্রদের তুলনায় পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ ছিল বেশি; ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এবারের পরীক্ষায় বসেছিল।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।
এর আগে গত ২ জুলাই সারাদেশে একযোগে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্টের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়া হয় এবং ১৫ আগস্টের মধ্যে সব বোর্ডের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়। সকল প্রক্রিয়া শেষে আজ আনুষ্ঠানিকভাবে সার্বিক ফলাফল প্রকাশ করা হলো।
ডিবিসি/এমএনকে