সারা বাংলা
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপে করে গাঁজা পরিবহনের সময় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) কসবা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে কসবা উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস সংলগ্ন মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের মলাই মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (৩৬) এবং কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বড়ঠুটা গ্রামের শিশু মিয়ার ছেলে মো. বাবু (২৬)।
পুলিশ জানায়, কসবা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাগর হালদারের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
ডিবিসি/এসডব্লিউএন