সারা বাংলা
গাজীপুরে প্রেমে ব্যর্থ হয়ে ইউটিউব দেখে বানালেন ইয়াবা তৈরির কারখানা, অবশেষে গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে গড়ে তোলা অভিনব এক ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। প্রেমের বিরহে নিঃস্ব হয়ে ইন্টারনেট ও ইউটিউব দেখে নিজ বাসায়ই এই কারখানা গড়ে তুলেছিলেন নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামের এক যুবক।
তবে শেষ রক্ষা হয়নি; শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে ওই বাসা থেকে ইয়াবা তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান, কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তার নাজমুল ইসলাম বাপ্পি টঙ্গীর পাগার আলেক টেক এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাপ্পির গতিবিধি ও তার বাসার ওপর বেশ কয়েক দিন ধরে নজরদারি রাখা হচ্ছিল। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর শুক্রবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানার একটি বিশেষ দল পাগার আলেক টেক এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাসার ভেতরে অভিনব কায়দায় পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মেলে। হাতেনাতে আটক করা হয় মূল উদ্যোক্তা বাপ্পিকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি পুলিশকে জানান, প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অর্থনৈতিকভাবেও নিঃস্ব হয়ে যান। এরপরই দ্রুত বিপুল অর্থ উপার্জনের নেশা চেপে বসে তার মাথায়। সেই চিন্তা থেকেই ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউবে ইয়াবা প্রস্তুতের বিভিন্ন কৌশল ও উপাদান নিয়ে গবেষণা শুরু করেন। প্রয়োজনীয় রাসায়নিক ও যন্ত্রপাতি সংগ্রহ করে নিজ কক্ষেই গড়ে তোলেন ছোটখাটো গবেষণাগার ও কারখানা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি- টঙ্গী জোন) মো. এরশাদুল রহমান জানান, এটি অত্যন্ত উদ্বেগজনক যে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্ম ব্যবহার করে আবাসিক এলাকায় এমন বিপজ্জনক মাদক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে অন্য কোনো চক্রের যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিবিসি/এমএনকে