সারা বাংলা
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। তবে উদ্বেগজনক বিষয় হলো, বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাস করেছে মাত্র চারটি প্রতিষ্ঠান।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৮৯০ জন অকৃতকার্য হয়েছে।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪০ দশমিক ৭৩ শতাংশ এবং মানবিক বিভাগে ৪১ দশমিক ৪৫ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফল হলেও ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ বছর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। অন্যদিকে শতভাগ পাস করেছে চারটি প্রতিষ্ঠান। বিজ্ঞান বিভাগে ফলাফল তুলনামূলক ভালো হলেও ইংরেজি ও উচ্চতর গণিতে ফল খারাপ হয়েছে।’
ডিবিসি/এমএনকে