আন্তর্জাতিক
কুয়েতে নির্মাণাধীন ভবনের ছাদে প্রবাসীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার বাংলাদেশি
.webp)
কুয়েতের আল-মুতলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে বিল্ডিংয়ের নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ।
কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে আল-মুতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে নিরাপত্তাকর্মীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও অপরাধের আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্তে ওই ভবনের সাবেক নিরাপত্তাকর্মীর ওপর সন্দেহ হয় পুলিশের। ঘটনার মাত্র এক দিন আগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পুলিশ জানায়, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ভিসার মেয়াদ শেষ হওয়া ও আবাসন আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে নিজেই কুয়েতের শার্ক থানায় আত্মসমর্পণ করেন। তবে তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা বেরিয়ে আসে।
হত্যার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশির নাম আরমান হোসেন। তিনি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আরমান। চাকরিতে তার স্থলাভিষিক্ত হওয়া ব্যক্তির সঙ্গে বিরোধের জেরে কাঠের টুকরা ও ছুরি দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করেন বলে স্বীকারোক্তিতে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিবিসি/ আরএফই