আন্তর্জাতিক, আমেরিকা
৪ নভেম্বর থেকেই ইরানে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করল ওয়াশিংটন

৪ নভেম্বর থেকে ইরানে নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-এমন আশঙ্কার কথা উপসাগরীয় মিত্রদের জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিন থেকেই এ হামলা শুরু হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এমএসএনও।
প্রতিবেদনে তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য নতুন দফার সামরিক হামলার প্রস্তুতি নিতে মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তাদের ধারণা, এবারের হামলা স্বল্পস্থায়ী হলেও তীব্র হতে পারে।
এদিকে সম্ভাব্য হামলা ঘিরে উত্তেজনা বাড়ায় ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে উপসাগরীয় দেশগুলো। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে পাল্টা প্রতিশোধ নিতে পারে তেহরান। এতে পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এক উপসাগরীয় কর্মকর্তা জানিয়েছেন, হামলা চালানোর জন্য নিজেদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে কয়েকটি দেশ আপত্তি জানাতে পারে বলে তিনি মনে করছেন।
গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্ভাব্য হামলার বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএসএনওকে বলেন, অস্তিত্ব থাকতে পারে বা নাও পারে-এমন স্পর্শকাতর সামরিক পরিকল্পনা নিয়ে তারা মন্তব্য করেন না। তবে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এসএফএল