আন্তর্জাতিক, আমেরিকা
যুক্তরাষ্ট্রের ঘটনা
রোবট কুকুর রাস্তায় হাঁটালেই ঘণ্টায় মিলবে ১,৯০০ টাকা!

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক প্রযুক্তি স্টার্টআপ ডাইমেনশনাল রোবট কুকুর হাঁটানোর জন্য লোক নিয়োগ দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি এসব রোবটকে স্বয়ংক্রিয়ভাবে চলাচলে দক্ষ করে তুলতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।
এ কাজের জন্য প্রতি ঘণ্টায় ২০ ডলার বা প্রায় ১ হাজার ৯০০ টাকা পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন নেই।
এনডিটিভি প্রফিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বে এরিয়া জবস নামের একটি ফেসবুক গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল। তবে পরে সেটি সরিয়ে নেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি রোবট কুকুরকে চার থেকে ছয় ঘণ্টা হাঁটাতে হবে।
তবে কাজটি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা নয়। হাঁটার সময় রোবট অতিরিক্ত গরম হয়ে ফুটপাতের মাঝেই বন্ধ হয়ে যেতে পারে। তখন সেটিকে বহন করে প্রতিষ্ঠানের কার্যালয়ে ফিরিয়ে নিতে হবে। প্রায় ৩৩ পাউন্ড ওজনের যন্ত্রপাতি নিরাপদে বহন করার সক্ষমতাও থাকতে হবে কর্মীদের।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্ট্যাশ পমিশটার জানান, বাস্তব পরিবেশে রোবটের স্বয়ংক্রিয়ভাবে চলাচলের সক্ষমতা বাড়াতেই এই পরীক্ষা। এ সময় মানুষ রিমোটের মাধ্যমে রোবট নিয়ন্ত্রণ করবেন এবং এর ক্যামেরা ও সেন্সর আশপাশের পরিবেশের তথ্য সংগ্রহ করবে।
ডাইমেনশনাল চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন নির্মাতার কাছ থেকে ১০০টি রোবট কুকুর এবং ৫০টি হিউম্যানয়েড রোবট কিনেছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, ভবিষ্যতে কারখানা, ডেটা সেন্টার ও নিরাপত্তার কাজে এসব রোবটকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার উপযোগী করে তোলা।
ডিবিসি/এসএফএল