বাংলাদেশ, সারা বাংলা
লক্ষ্মীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ হোসেন (২৩) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ হোসেন ওই গ্রামের মমিন উল্লার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অটোরিকশাটি চার্জে দিয়ে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন রিয়াজ। কিছুক্ষণ পর পরিবারের দুই সদস্য তাকে জানান, অটোরিকশাটি স্পর্শ করলেই বিদ্যুতের শক লাগছে। পরে তিনি অটোরিকশাটি পরীক্ষা করতে গেলে শর্টসার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/ আরএফই