আন্তর্জাতিক, ভারত
ভারতের বেঙ্গালুরুর ঘটনা
পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বিদেশির মৃত্যু

ভারতের বেঙ্গালুরুর একটি পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক মার্কিন নাগরিক ও হোটেলের এক কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শহরের কনরাড হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ৫৭ বছর বয়সী জার্মান নাগরিক আলেক্সান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস এবং ৪৫ বছর বয়সী স্লোভাকিয়ার নাগরিক জুরাজ হরভাত। আলেক্সান্ডার লুফথানসা এয়ারলাইনসের কর্মী ছিলেন। অন্যদিকে, হরভাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন।
হোটেলের তৃতীয় তলায় অবস্থিত সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে অভিযোগ উঠেছে। পরে তাদের উদ্ধারের চেষ্টা করেন সেখানে থাকা ৪১ বছর বয়সী মার্কিন নাগরিক ম্যাথিউ ডেসান্টিস এবং হোটেলের ২৮ বছর বয়সী কর্মী রাহুল তিওয়ারি। এ সময় তারাও আহত হন।
আহত দুজনকে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জার্মান নাগরিককে মৃত অবস্থায় নেওয়া হয়েছিল। স্লোভাকিয়ার নাগরিককে বাঁচাতে চিকিৎসকেরা সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আহত মার্কিন নাগরিক ও হোটেলকর্মী আশঙ্কামুক্ত রয়েছেন।
নিহত জার্মান নাগরিকের স্ত্রী সিলভিয়া অটোয়া হোটেল কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে পুলিশের কাছে মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, দুর্ঘটনার পর ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সুইমিংপুলটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি
ডিবিসি/এসএফএল