ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলি

সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলি

সারা বাংলা

সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলি

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে থেমে থেমে কয়েক দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুর থেকে কলাবুনিয়া এলাকায় পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সংগঠন ইউপিডিএফ ও শান্তিচুক্তি সমর্থক জেএসএসের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়েছে। পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

তিনি আরও জানান, সংঘর্ষে হতাহতের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইলাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দুই সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

এদিকে, সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ১১ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি চলছে। ৩১ অক্টোবর পর্যন্ত এ অবরোধ অব্যাহত রয়েছে।

 

একের পর এক সশস্ত্র সংঘর্ষ ও দীর্ঘস্থায়ী অবরোধের কারণে সাজেক ও আশপাশের এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। সংঘর্ষ ও অবরোধের কারণে সাজেকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন