আন্তর্জাতিক, ভারত
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে সাবেক সেনাকর্মী গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের এক সাবেক সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের ভুটান সীমান্তবর্তী হাসিমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসিমারা থানা পুলিশের সহযোগিতায় পাঞ্জাব পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। উল্লেখ্য, হাসিমারা এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি সেনানিবাস রয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর সাবেক ল্যান্স নায়েক। তার বাড়ি পাঞ্জাবের তরন তারন জেলার রাসুলপুর গ্রামে। পুলিশের ধারণা, এই ঘটনায় তার সঙ্গে আরও একজন জড়িত রয়েছেন, যিনি বর্তমানে পলাতক।
আদালতে রাজ্যপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৌমিত্র সিনহা সরকার জানান, ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করার পরই পাঞ্জাব পুলিশ পশ্চিমবঙ্গে আসে। তার বিরুদ্ধে আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি ও ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তীতে শিলিগুড়ি আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। এর ফলে তাকে পাঞ্জাব পুলিশের হেফাজতে নেওয়ার অনুমতি দেওয়া হয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, গত ৮ অক্টোবর পাঞ্জাবের ফাজিলকা থানায় অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে এখনো তদন্ত চলছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস