ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার কথা ভাবছে সিরিয়া: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার কথা ভাবছে সিরিয়া: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার কথা ভাবছে সিরিয়া: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সিরিয়া যুক্ত হবে কিনা, তা নিয়ে চিন্তাভাবনা করছে দেশটির সরকার। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে 'মানামা ডায়ালগ' সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেন, "মক্কা জোটে সিরিয়ার যুক্ত হওয়ার বিষয়টি মূল্যায়নের জন্য বর্তমানে আলোচনা চলছে।"

 

গত আগস্টে সৌদি আরবের মক্কা শহরে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়েছে, কোনো এক দেশের ওপর হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা বলে গণ্য হবে। এই নিরাপত্তাজোটটিকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ৩০টি ইউরোপীয় দেশের মধ্যকার ন্যাটো (NATO) জোটের সঙ্গে তুলনা করা হচ্ছে।

 

ইয়েমেনের হুথিদের ব্যাপক হামলার শিকার সৌদি আরব মূলত সিরিয়া সরকারের অন্যতম প্রধান সমর্থক। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর আহমেদ আল-শারা'র নেতৃত্বে বর্তমান সিরিয়া সরকার ক্ষমতায় আসে।

 

মক্কা চুক্তির আওতায়, ইরান-সমর্থিত হুথিদের ক্রমবর্ধমান হামলার মুখে রিয়াদকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। তবে, এখন পর্যন্ত ইসলামাবাদ বা আঙ্কারা কেউই হুথিদের ওপর কোনো হামলার ঘোষণা দেয়নি। তুরস্কে এই চুক্তির অনুমোদন প্রক্রিয়া এখনও চলমান। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াদকে ভবিষ্যতে সামরিক সহায়তা দিলেও ইয়েমেনে যুদ্ধ করতে বা হুথিদের ওপর হামলা চালাতে তুরস্কের সেনা মোতায়েন করা হবে না।

 

বাহরাইনের সম্মেলনে আল-শাইবানি বলেন, সিরিয়া আঞ্চলিক নিরাপত্তার একটি "অবিচ্ছেদ্য" অংশ এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার যেকোনো কাঠামোকে তারা সমর্থন করবে। তিনি জোর দিয়ে বলেন, যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য এই অঞ্চলের "এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন" দেখা দিয়েছে।

 

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তিনি জানান, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের প্রতি সিরিয়ার সমর্থন রয়েছে, যাতে তারা তাদের পুরো ভূখণ্ডে "সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা" ফিরিয়ে আনতে পারে। পাশাপাশি সব পক্ষকে রাষ্ট্রগুলোর ঐক্য ও সার্বভৌমত্বকে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

 

সূত্র: আলজাজিরা

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন