আন্তর্জাতিক
‘মার্কিনিদের সুর বদলে গেছে’, জেডি ভ্যান্সের চিঠি প্রসঙ্গে রেজাই

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি প্রসঙ্গে মুখ খুলেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। তিনি জানিয়েছেন, চিঠিতে যুক্তরাষ্ট্রের ‘সুর সম্পূর্ণ বদলে গেছে’, যা একটি ইতিবাচক লক্ষণ এবং এটি ইরানি জাতির বিজয় ও শক্তির প্রমাণ। তবে তিনি এখনো এই চিঠির কোনো জবাব দেননি বলে নিশ্চিত করেছেন।
গত ২৯ অক্টোবর মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন সামরিক হামলা এড়াতে সম্ভাব্য যেকোনো আলোচনায় ‘পারমাণবিক বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন’ উল্লেখ করে রেজাইকে চিঠি দিয়েছেন ভ্যান্স। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই দাবি প্রত্যাখ্যান করেছে। শনিবার (৩১ অক্টোবর) এক সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু চিঠির বিষয়বস্তু প্রকাশ করেনি, তাই তিনিও আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু জানাবেন না।
এদিকে, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালাতে পারে বলে গুঞ্জন রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নিলে তার জবাব হবে ‘ভৌগোলিক সীমারেখাহীন’। অর্থাৎ, যেখানে হুমকি তৈরি হবে, সেখানেই তাৎক্ষণিক পাল্টা জবাব দেবে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলি আব্দুল্লাহিও জানিয়েছেন, প্রস্তুতির অংশ হিসেবে তাদের বাহিনী ‘টার্গেট ডাটাবেজ ক্রমাগত আপডেট করছে’।
তেহরানের পারমাণবিক নীতির বিষয়ে রেজাই জানান, ২০০৩ সালে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি না করার যে দীর্ঘদিনের নীতি রয়েছে, তা পরিবর্তনের বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে আগের নীতি বজায় রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন