সারা বাংলা
যমুনার নৌকায় জন্ম নিলো ফুটফুটে শিশু, নাম রাখা হলো ‘নদী'

গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে যমুনা নদীর বুকে নৌকার মধ্যেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ফুলছড়ি ইউনিয়ন থেকে ফুলছড়ি ঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ (জিইউকে)-এর কর্মীদের তাৎক্ষণিক সহায়তায় জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে ‘নদী’। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
জিইউকের মাঠকর্মীদের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ফুলছড়ি চরাঞ্চলে কাজ শেষে নৌকায় ফিরছিলেন তারা। এ সময় প্রসববেদনায় কাতর ওই নারীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার জন্য তার স্বজনরা আকুল অনুরোধ জানালে কর্মীরা তাকে নৌকায় তুলে নেন। এর আগে দুর্গম চর পাড়ি দিতে স্বজনরা প্রসূতিকে প্রথমে কিছুটা পথ হেঁটে এবং পরে মাচায় করে সতর্কতার সঙ্গে নৌকাঘাট পর্যন্ত নিয়ে এসেছিলেন।
তবে নৌকায় ওঠার কিছুক্ষণের মধ্যেই তার প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে নৌকায় থাকা নারী কর্মী ও স্বজনরা কাপড় দিয়ে চারপাশ আড়াল করে তাৎক্ষণিকভাবে প্রসবের উপযোগী পরিবেশ তৈরি করেন। প্রায় ৪০ মিনিটের উৎকণ্ঠাময় নৌযাত্রার মাঝপথে নদীর বুকেই জন্ম নেয় ফুটফুটে কন্যাসন্তানটি। মুহূর্তেই সবার উৎকণ্ঠা কেটে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা রোকন উদ দৌলা জানান, চরাঞ্চলের প্রতিকূল যোগাযোগব্যবস্থার মধ্যেও মানবিক দায়িত্ববোধ ও সবার আন্তরিক সহযোগিতায় একটি নতুন প্রাণের নিরাপদ আগমন সম্ভব হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মা ও নবজাতক দুজনই বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।
ডিবিসি/পিআরএএন