রাজধানী
ঢাকার ছয় রুটে আজ থেকে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে আজ রোববার থেকে রাজধানীর ছয়টি রুটে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস বা বাস রুট রেশনালাইজেশন ব্যবস্থা। বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান গণপরিবহনে শৃঙ্খলা আনতে ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন সম্পন্ন করার নির্দেশ দেন। এই পদ্ধতিতে রাজধানীর বিদ্যমান ৯৮টি বাসের রুটকে পুনর্বিন্যাস করে ৩২টিতে নামিয়ে আনা হবে। প্রতিটি রুটে কেবল একটি কোম্পানির বাস চলবে। বর্তমানে যেসব বাস চলছে, সেগুলোকে একীভূত করেই এই কোম্পানি গঠন করা হবে।
প্রাথমিকভাবে চালু হতে যাওয়া ছয়টি রুট হলো- গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, মিরপুর থেকে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা, ঘাটারচর থেকে কাঁচপুর, ঘাটারচর থেকে ধউর এবং টঙ্গী থেকে আজিমপুর। রুটভেদে এসব পথে ২০ থেকে ২৫৩টি বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে শিববাড়ী-আজিমপুর রুটে ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উপস্থিত থাকার কথা রয়েছে।
নতুন এই ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে কোম্পানি বাস পরিচালনা করবে এবং মালিকরা তাঁদের বিনিয়োগের অনুপাতে মুনাফা পাবেন। বাসের চালক ও শ্রমিকরা দৈনিক চুক্তির বদলে কোম্পানির মাসিক বেতনভুক্ত কর্মী হবেন। নির্দিষ্ট সময়ে বাস ছাড়বে এবং নির্ধারিত স্টপেজেই কেবল যাত্রী ওঠানামা করবে। কোনো বাস অন্য বাসকে ওভারটেক করতে পারবে না।
উল্লেখ্য, ২০০৪ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনায় (এসটিপি) প্রথম ‘বাস ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি’ চালুর প্রস্তাব করা হয় এবং ২০১৫ সালে এ নিয়ে উদ্যোগ নেয় সরকার। তবে দীর্ঘ ১১ বছরেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ২০২১ সালের ডিসেম্বরে একটি রুটে পরীক্ষামূলকভাবে চালু হলেও তা আলোর মুখ দেখেনি। বর্তমানে রাজধানীতে একই রুটে একাধিক কোম্পানির বাসের অসুস্থ প্রতিযোগিতা ও যত্রতত্র যাত্রী তোলার কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসনেই নতুন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিবিসি/পিআরএএন