সারা বাংলা
মাঝনদীতে নৌকার বুকেই জন্ম নিলো কন্যাসন্তান ‘নদী’

গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে মাঝনদীতে নৌকার বুকে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। শনিবার বিকেলে ফুলছড়ি ইউনিয়ন থেকে ফুলছড়ি ঘাটে যাওয়ার পথে যমুনা নদীতে এ ঘটনা ঘটে। মাঝনদীতে জন্ম নেওয়ায় শিশুটির নাম রাখা হয়েছে ‘নদী’।
জানা যায়, ফুলছড়ি চরাঞ্চল থেকে প্রসববেদনায় কাতর এক নারীকে প্রথমে হেঁটে ও পরে মাচায় করে নৌকাঘাটে আনেন স্বজনরা। এ সময় চরাঞ্চলে মাঠপর্যায়ের কাজ শেষে নৌকায় ফিরছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র’ (জিইউকে)-এর একদল কর্মী। স্বজনদের অনুরোধে তাৎক্ষণিকভাবে ওই প্রসূতিকে নৌকায় তুলে নেন তারা।
নৌকাটি ঘাটের দিকে চলার কিছুক্ষণের মধ্যেই প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। নৌকায় থাকা নারী কর্মী ও স্বজনরা চারপাশ কাপড় দিয়ে আড়াল করে প্রসবের ব্যবস্থা করেন। প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম হয়।
গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা রোকন উদ দৌলা জানান, চরাঞ্চলের প্রতিকূল যোগাযোগব্যবস্থার মধ্যেও মানবিক দায়িত্ববোধ ও সবার সহযোগিতায় শিশুটির নিরাপদ জন্ম সম্ভব হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সম্পূর্ণ সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে।