ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সারা বাংলা

টেকনাফে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কক্সবাজারের টেকনাফে একাধিক মানবপাচার মামলার এজাহার ও চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল করিমকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল করিম বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া এলাকার বাসিন্দা ছৈয়দ ওমরের ছেলে।

 

রোববার বিকেলে এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি দল কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আবদুল করিম একটি সক্রিয় মানবপাচার চক্রের অন্যতম সদস্য। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ভৌগোলিক অবস্থানের কারণে টেকনাফ দীর্ঘদিন ধরে মানবপাচারকারীদের তৎপরতার একটি ঝুঁকিপূর্ণ এলাকা। সীমান্ত এলাকা ব্যবহার করে মানবপাচারসহ বিভিন্ন ধরনের সংঘবদ্ধ অপরাধ ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে এবং জড়িতদের শনাক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

ডিবিসি / এমকেএ

আরও পড়ুন