সারা বাংলা
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য মিছিল, সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে ফেনীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মুক্তবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা জেএসডির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে আনন্দ-আড্ডায় মেতে ওঠেন। বেলা ১১টা নাগাদ দলীয় কার্যালয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। পরে দুপুর দেড়টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করা হয়।
এর আগে বেলা ১২টায় জেলা জেএসডির উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শহীদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সভাপতি বাবু হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুদ্দিন মজুমদার সাচ্চু, তাজউদ্দিন আজাদ, নুরুল ইসলাম মাস্টার, আনোয়ার হোসেন ও সুমন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে জেএসডির সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বাবু সমীর কর।
ডিবিসি/এসডব্লিউএন