সারা বাংলা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নৌ-মহড়া: চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে মার্কিন নৌবাহিনীর জাহাজ 'ইউএসএস ওয়ারিয়র'। রোববার দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছায়।
৬৮ মিটার দীর্ঘ মার্কিন এই জাহাজটি জেটিতে ভিড়লে ঐতিহ্যবাহী সামরিক রীতিতে বাদ্য পরিবেশনের মাধ্যমে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল। এসময় জাহাজটির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোইটের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মীর মোহাম্মদ মাহবুবুল হাসান।
সোমবার স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে ‘কারাত-২০২৬’ শীর্ষক এই যৌথ মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে যুক্তরাষ্ট্রের ইউএসএস ওয়ারিয়র ও পি-৮-এ সামুদ্রিক টহল উড়োজাহাজের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নেভাল এভিয়েশন ইউনিট অংশগ্রহণ করবে।
এই মহড়ার মূল লক্ষ্য হলো দুই দেশের যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা জোরদার করা এবং উভয় দেশের নৌসদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়। প্রশিক্ষণ মহড়া শেষে আগামী ৫ নভেম্বর মার্কিন জাহাজটি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
ডিবিসি/এমকেএ