সারা বাংলা
মাদারীপুরে অনৈতিক কাজের জেরে জামায়াত নেতার ঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাইজুল ইসলাম নামে এক জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তিনি উপজেলার নিলখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দল থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, গত ২৫ অক্টোবর (রবিবার) দুপুরে তাইজুল ইসলামকে তার নিজ বসতঘরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে আজ রোববার বেলা ১২টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী তার বসতঘরে হামলা চালিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের নামে 'পানিপড়া' ও 'ঝাড়ফুঁক' দিয়ে কথিত চিকিৎসার আড়ালে এমন প্রতারণা করে আসছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তাইজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। এছাড়া ঘটনা সম্পর্কে জানতে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছরোয়ার হোসাইন মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনিও ফোন ধরেননি।
ডিবিসি/এমকেএ