সারা বাংলা
দেশের একজন মানুষও অনাহারে থাকবে না: খাদ্যমন্ত্রী

দেশের একজন মানুষও যেন অনাহারে না থাকেন, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
রবিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ প্রধান ডাকঘরের সামনের সড়কে খাদ্য বিভাগের পরিচালনায় ওএমএস ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিতেই ওএমএস কার্যক্রমের পরিধি বাড়িয়েছেন। মানুষের মৌলিক চাহিদা মেটাতে ও নিরাপদ খাদ্য পৌঁছে দিতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগে মানিকগঞ্জ পৌরসভায় ৫টি ও হরিরামপুরে ২টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলত। নতুন করে মানিকগঞ্জ পৌরসভায় আরও ৫টি বিক্রয়কেন্দ্র বাড়ানো হয়েছে। বর্তমানে মানিকগঞ্জ পৌরসভায় ১০টি, হরিরামপুরে ৫টি এবং সাটুরিয়ায় ৩টিসহ মোট ১৮টি কেন্দ্রে এ কার্যক্রম চলছে।
এসব কেন্দ্র থেকে সুবিধাবঞ্চিত মানুষ প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ২৪ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি আটা কিনতে পারবেন। প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ১ টন চাল ও ১ টন আটা বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। পরিধি বাড়ায় নতুন করে বিপুলসংখ্যক মানুষ সরকারের এই সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
ডিবিসি/এমকেএ