ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের ঘটনা

স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে থানায় ধর্ষণের শিকার তরুণী, পুলিশ সদস্য গ্রেপ্তার

স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে থানায় ধর্ষণের শিকার তরুণী, পুলিশ সদস্য গ্রেপ্তার
ভারতের ঘটনা

স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে থানায় ধর্ষণের শিকার তরুণী, পুলিশ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১লা নভেম্বর ২০২৬ ০৮:০৪:৪৯ অপরাহ্ন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে থানার ভেতর ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসাওয়ান জেলার একটি থানায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই তরুণী।


পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে বৃহস্পতিবার থানায় যান ওই নারী। রাত হয়ে যাওয়ায় তাকে থানার একটি কক্ষে থাকার অনুমতি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, গভীর রাতে দায়িত্বে থাকা এক কনস্টেবল কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।


তরুণীর দাবি, ঘটনার সময় তিনি চিৎকার করে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি। একপর্যায়ে আত্মরক্ষার জন্য পাশে থাকা ছুরি দিয়ে অভিযুক্তকে আঘাত করেন তিনি। এরপর ওই পুলিশ সদস্য পালিয়ে যান।


তরুণী আরও অভিযোগ করেন, পরদিন সকালে কয়েকজন পুলিশ সদস্য তাকে টাকা দিয়ে অভিযোগ না করার এবং বাড়ি ফিরে যাওয়ার প্রস্তাব দেন।


জেলার পুলিশ সুপার মনোজ স্বর্গিয়ারি ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন। তাদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুই উপপরিদর্শক ও একজন কনস্টেবল রয়েছেন।


ঘটনার তদন্তে মহকুমা পুলিশ কর্মকর্তা অনুভব ভরদ্বাজের নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তিনি জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। নিয়ম অনুযায়ী তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।


এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কক্ষটি সিলগালা করেছে তদন্ত দল। আলামত সংরক্ষণসহ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন