বাংলাদেশ, সারা বাংলা
গোপালগঞ্জে ফুটবল খেলায় লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দ্রা-রাধাগঞ্জ গ্রামের যুবকেরা ২৪ দল নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। রবিবার চৌরখুলী একাদশ ও উত্তরপাড়া একাদশের মধ্যে সেমিফাইনাল ম্যাচ চলছিল। খেলার একপর্যায়ে উত্তরপাড়া একাদশের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান রেফারি। এ নিয়ে খেলোয়াড়দের সঙ্গে রেফারি ও আয়োজক কমিটির সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়।
অভিযোগ উঠেছে, একপর্যায়ে আয়োজক কমিটির লোকজন উত্তরপাড়া একাদশের খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে মেকাইল শেখ ও রিফাত তাজের অবস্থা গুরুতর হওয়ায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ দলের এক খেলোয়াড় তাদের দলের একজনকে ঘুষি ও লাথি মারেন। এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন টুর্নামেন্ট কমিটির সভাপতি দুলাল শেখ। তার দাবি, কমিটির কেউ মারধরে জড়িত নন, খেলা দেখতে আসা সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিবিসি/এসভিএন