বাংলাদেশ, সারা বাংলা
লক্ষ্মীপুরের ঘটনা
ধার দেয়া মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত, ছেলে গুরুতর আহত

মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের সদর উপজেলার কাজিরদিঘীর বাজারে এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত ছেলে সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষণের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দেবে, দিচ্ছে বলে ১৩ দিন ধরে আর দেয়নি। রবিবার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেল আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যান। এ সময় শাকিল হোসেন মোটরসাইকেলটি দেয়া নিয়ে টালবাহানা শুরু করে। দুপক্ষের তর্কাতর্কির একপর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। আর ছেলে একই বাজারে ওষুধের ফার্মেসির ব্যবসা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।
ডিবিসি/এসভিএন